Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / টাঙ্গাইল / মেয়ে হত্যার বিচার চেয়ে মন্ত্রীর পায়ে লুটিয়ে পড়লেন বাবা-মা - Chief TV

মেয়ে হত্যার বিচার চেয়ে মন্ত্রীর পায়ে লুটিয়ে পড়লেন বাবা-মা - Chief TV

2026-06-26  ডেস্ক রিপোর্ট  30 views
মেয়ে হত্যার বিচার চেয়ে মন্ত্রীর পায়ে লুটিয়ে পড়লেন বাবা-মা - Chief TV
টাঙ্গাইলের সখিপুরে রহস্যজনকভাবে নিখোঁজের পর পুকুর থেকে লাশ উদ্ধার হওয়া দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সেঁজুতি রানীর (৮) পরিবারকে সান্ত্বনা দিতে তাঁর সখিপুরের বাড়িতে গিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান।
 
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে দশটায় সখিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের মন্দির পাড়া এলাকায় নিহতের বাড়িতে মন্ত্রী পৌঁছালে সেঁজুতির বাবা-মা তাঁর পায়ে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন এবং তাঁদের মেয়েকে হত্যা করা হয়েছে দাবি করে খুনিদের ফাঁসি চান।
 
শোকাবহ এই পরিস্থিতিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠলে মন্ত্রী বলেন, এক সপ্তাহের মধ্যে সেঁজুতির ময়নাতদন্তের রিপোর্ট আসতে হবে। রিপোর্টে যদি হত্যাকাণ্ডের বিন্দুমাত্র আলামত পাওয়া যায়, তবে খুনিদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
 
এই প্রসঙ্গে তিনি মাত্র ছয় কার্যদিবসে রামিসা হত্যাকাণ্ডের ঐতিহাসিক বিচারের উদাহরণ টেনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সফরকালে মন্ত্রী ভুক্তভোগী পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।

নিহত শিশুর বাবা ফালু চন্দ্রের দৃঢ় বিশ্বাস, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) জানান, শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ দিনরাত কাজ করছে এবং মৃত্যুর আসল কারণ উদঘাটনে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে।
 
উল্লেখ্য, গত ২০ জুন বিকেল ৪টার পর থেকে স্থানীয় শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সেঁজুতি রানী নিখোঁজ হয়। এর দুদিন পর ২২ জুন সকালে সখিপুর উপজেলা পরিষদের পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়, যা নিয়ে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share: