প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করতে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী রাজনৈতিক দল।
দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর পল্টনে সমাবেশ শেষে এখন মিছিল নিয়ে যমুনার পথে রওনা হয়েছেন এই আট দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টার পর তারা যাত্রা শুরু করেন।
প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যাওয়া ইসলামী আট দলের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি,
২. নভেম্বরে গণভোট আয়োজন,
৩. অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ,
৪. নির্বাচনে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা এবং
৫. ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।
স্মারকলিপি দিতে যাওয়া আটটি দল হলো—
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
পল্টন থেকে যাত্রা শুরু করা এই মিছিলে নেতারা জানান, তাদের দাবিগুলো দেশের শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অপরিহার্য। তারা আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেবেন।