Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বরিশাল বিভাগ / সারাদেশ / ভোলা / অসহায় বাবার আর্তনাদ- ব্লাড ক্যান্সারে আক্রান্ত আমার মেয়েকে বাঁচান - Chief TV

অসহায় বাবার আর্তনাদ- ব্লাড ক্যান্সারে আক্রান্ত আমার মেয়েকে বাঁচান - Chief TV

2026-06-24  ডেস্ক রিপোর্ট  31 views
অসহায় বাবার আর্তনাদ- ব্লাড ক্যান্সারে আক্রান্ত আমার মেয়েকে বাঁচান - Chief TV

‘বাবা, আমি বাঁচতে চাই। আমারে বাঁচাও, আমি পড়ালেখা করে ডাক্তার হইতে চাই।’ মাত্র পাঁচ বছর বয়সী তাসফিয়ার মুখে এমন হৃদয়বিদারক আকুতি শুনে চোখের পানি ধরে রাখতে পারেন না তার বাবা-মা। যে বয়সে স্কুলে যাওয়ার কথা, খেলাধুলা আর স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই প্রাণঘাতী ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করছে ছোট্ট এই শিশু।

ভোলার তজুমদ্দিন উপজেলার গোলকপুর গ্রামের চা দোকানদার আইয়ুব মোল্লার মেয়ে তাসফিয়া দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। মেয়ের চিকিৎসার জন্য সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা পরিবারটি। চিকিৎসা ব্যয় মেটাতে ইতোমধ্যে বিক্রি করে দিয়েছেন শেষ সম্বল জমি ও গোয়ালের গরু। পাশাপাশি বেড়েছে ঋণের বোঝাও।

পারিবারিক সূত্র ও চিকিৎসা নথি অনুযায়ী, তাসফিয়ার সুস্থতার জন্য জরুরি ভিত্তিতে বোনম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন। এর জন্য ব্যয় হবে প্রায় ৩৫ লাখ টাকা। এত বড় অঙ্কের অর্থ জোগাড় করা দরিদ্র পরিবারটির পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

তাসফিয়ার মা চম্পা বেগম বলেন, মেয়ের কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। দিন-রাত ব্যথায় কাতরাতে থাকে সে। চিকিৎসার জন্য হাতে আর কোনো অর্থ নেই। কীভাবে মেয়েকে বাঁচাবেন, সেই চিন্তায় দিন কাটছে তাদের।

শিশুটির বাবা আইয়ুব মোল্লা জানান, চার বছর বয়সে ঢাকার শিশু হাসপাতালে তাসফিয়ার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। গত প্রায় ২০ মাস ধরে ধার-দেনা ও সহায়তা নিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকদের মতে, বোনম্যারো ট্রান্সপ্লান্ট করা গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।

স্থানীয় সমাজসেবক বাচ্চু মিয়া জানান, মেয়ের চিকিৎসার জন্য সবকিছু বিক্রি করে বর্তমানে প্রায় সাত লাখ টাকার ঋণের বোঝা মাথায় নিয়েছেন আইয়ুব মোল্লা। তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সরকারি সহায়তার মাধ্যমে তাসফিয়ার চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, এখনো কোনো আবেদন পাওয়া যায়নি। আবেদন পেলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সহায়তার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

তাসফিয়ার পরিবার জানিয়েছে, মানবিক সহায়তা পেলে শিশুটির চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে। সহায়তা করতে আগ্রহীরা তাসফিয়ার বাবা আইয়ুব মোল্লার মোবাইল নম্বর ০১৭১৫৯২০৭৭৫ (নগদ/বিকাশ)-এ যোগাযোগ করতে পারবেন।


Share: