Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়াদের আইনি সুরক্ষা দিতে অঙ্গীকার নামায় সই করেছি - Chief TV

অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়াদের আইনি সুরক্ষা দিতে অঙ্গীকার নামায় সই করেছি - Chief TV

2026-03-01  ডেস্ক রিপোর্ট  43 views
অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়াদের আইনি সুরক্ষা দিতে অঙ্গীকার নামায় সই করেছি - Chief TV

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় যারা নেতৃত্ব দিয়েছে তাদের আইনি সুরক্ষা দিতে অঙ্গীকার নামায় আমরা সই করেছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেওয়ার নেব। একইসঙ্গে জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের তদন্তের বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি বলেও জানান তিনি।

রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আপনার (স্বরাষ্ট্রমন্ত্রীর) বরাত দিয়ে বিএনপি দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সে অনুযায়ী চলবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সালাউদ্দিন আহমদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কিছু বলেছে? মহাসচিব কেন এ ব্যাখ্যা দিলেন আমি জানি না। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেইনি। আমাদের মহাসচিব কি বলেছেন আমি জানি না। এ বিষয়ে কোনো বক্তব্য দেইনি।

তিনি বলেন, আপনাদের জানা আছে যে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে সুরক্ষা অধ্যাদেশ জারি হয়েছিল। তার ভিত্তি ছিল, জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় একটি দফা। সে দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে। জুলাই জাতীয় সনদে যারা সই করেছে তারা সবাই অঙ্গীকারনামার বিষয়ে একমত হয়েছে।

মন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের আইনি সুরক্ষা দিতে হবে। সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। এসব অঙ্গীকারে আমরা সই করেছি। অঙ্গীকার করেছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেওয়ার নেব বলে জানান তিনি।

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আর কতদিন মাঠে থাকবে, সাংবাদিকের করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বশস্ত্র বাহিনী কতদিন মাঠে থাকবে উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেনাবাহিনী নিজেরাও মাঠে থাকতে চায় না। কারণ তাদের প্রশিক্ষণসহ অন্যান্য কর্মকাণ্ডে সমস্যা হচ্ছে।

তিনি বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলার কতটা উন্নতি হয়েছে তা দেখতে হবে। তবে এই মুহূর্তে বলতে পারছি না, মাঠ থেকে সেনাবাহিনী কবে প্রত্যাহার হবে। তবে অবশ্যই একসময় তোলা প্রয়োজন।

অন্তর্বর্তী সরকারের সময়ে র্যাবের নাম ও পোশাক বদলানো হয়েছে, এ বিষয় আপনার দলের অবস্থান কি? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের বিষয়ে একটা জনচাহিদা রয়েছে। জুলাই জাতীয় সনদেও সুপারিশ করা হয়েছে যে র্যাবের বিষয় কিছু সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সেসব সব রাজনৈতিক সমঝোতা। আমাদের বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হবে। এটি একটি বিশেষায়িত বাহিনী। প্রশ্ন হলো এ বাহিনী চাই কি না। উত্তর হলো চাই। তাহলে সেটা কি আদলে হবে, তাদের জুরিসডিকশন কি হবে, তাদের জবাবদিহি কি হবে তাদের কীভাবে স্বচ্ছ রাখা যায়, তাদের কাছ থেকে সর্বোচ্চ সেবা পেতে পারি, এসব পরীক্ষা নিরীক্ষা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


Share:

Single Page