Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / আবারও হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’ - Chief TV

আবারও হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’ - Chief TV

2026-04-18  ডেস্ক রিপোর্ট  63 views
আবারও হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’ - Chief TV

হরমুজ প্রণালীতে ঢোকার পরও শেষ পর্যন্ত এগোতে পারেনি বাংলাদেশ পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। ইরানের নৌবাহিনীর নির্দেশে মাঝপথ থেকেই ফিরে যেতে হয়েছে জাহাজটিকে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি প্রণালীতে প্রবেশ করে। পরিকল্পনা ছিলো ভোরের মধ্যে প্রণালী অতিক্রম করার। তবে রাত সাড়ে ১২টার দিকে ইরানের নৌবাহিনী সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করে অপেক্ষা করতে বলে।

তিনি বলেন, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে এগোতে দেওয়া হবে না—এমন নির্দেশ দেওয়া হয়। ফলে প্রণালীর ভেতরেই অপেক্ষায় থাকতে হয় জাহাজটিকে।

জানা গেছে, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার পর শুক্রবার রাতে নোঙর তোলে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। কিন্তু যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি বদলে যায়। বেতার বার্তায় ইরানের বাহিনী জাহাজটিকে অগ্রসর না হয়ে পারস্য উপসাগরে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। নির্দেশনা পাওয়ার পর যাত্রা স্থগিত করে জাহাজটি আবারও নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পারস্য উপসাগরের দিকে ফিরে যাচ্ছে।

৩১ জন নাবিক নিয়ে চলা জাহাজটি প্রায় ৪০ দিন ধরে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ অঞ্চলে অবস্থান করছে।

এর আগে ৮ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণার পর সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা শুরু করলেও ১০ এপ্রিল হরমুজ প্রণালীর কাছাকাছি গিয়ে অনুমতি না পেয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ উপকূলে অবস্থান নিতে হয়েছিলো।


Share: