নতুন এক রূপে পর্দায় ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। জি-ফাইভ বাংলার আসন্ন ওয়েব সিরিজ ‘গণশত্রু’-তে তাকে দেখা যাবে রহস্যময় চরিত্র ‘ত্রৈলোক্য দেবী’ হিসেবে—যা প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
গত শনিবার প্রকাশিত হয়েছে সিরিজটির ট্রেলার ও ফার্স্ট লুক। সেখানে গা ছমছমে পরিবেশে তীক্ষ্ণ চাহনি ও গভীর রহস্যময়তায় একদম ভিন্ন আবহে হাজির হয়েছেন পাওলি।
পরিচালক শমীক রায়চৌধুরী নির্মিত এই ক্রাইম থ্রিলার সিরিজটি বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। মোট পাঁচটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিরিজটির একটি অধ্যায় ঘিরে তৈরি হয়েছে ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার ত্রৈলোক্য দেবীকে কেন্দ্র করে। সমাজের অবহেলায় বিধবা থেকে খুনিতে পরিণত হওয়া এই চরিত্রটির ঐতিহাসিক উল্লেখ রয়েছে প্রিয়নাথ মুখার্জির লেখাতেও।
সিরিজে আরও উঠে আসবে কলকাতার আলোচিত কয়েক অপরাধীর গল্প—হুব্বা শ্যামল, সজল বারুই, রশিদ খান ও চেন ম্যান। এসব চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, আয়ুশ দাস, সুব্রত দত্ত ও দেবপ্রিয় মুখার্জি।
প্রস্তুতি শেষ, এখন শুধু মুক্তির অপেক্ষা। ‘গণশত্রু’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৩১ অক্টোবর, জি-ফাইভ বাংলায়।