Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / চেনাই যাচ্ছে না ইবরার টিপুকে, কী হয়েছে সংগীতশিল্পীর? - Chief TV

চেনাই যাচ্ছে না ইবরার টিপুকে, কী হয়েছে সংগীতশিল্পীর? - Chief TV

2026-07-12  ডেস্ক রিপোর্ট  46 views
চেনাই যাচ্ছে না ইবরার টিপুকে, কী হয়েছে সংগীতশিল্পীর? - Chief TV

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে সংগীতশিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল ভক্তদের মধ্যে। পরিবর্তিত চেহারা ও কমে যাওয়া ওজন দেখে অনেকেই জানতে চেয়েছিলেন, কী হয়েছে প্রিয় এই শিল্পীর। পরে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার স্ত্রী ও সংগীতশিল্পী বিন্দু কণা।

ইবরার টিপুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বিন্দু কণা জানান, প্রায় দুই বছর আগে টিপুর কিডনিতে ক্যানসার শনাক্ত হয়। এরপর তাকে বড় ধরনের অস্ত্রোপচার ও দীর্ঘ চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে। বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।

বিন্দু কণা বলেন, টিপুর বড় একটি সার্জারি হয়েছে, যার কারণে এখনো স্বাভাবিকভাবে কথা বলতে কিছুটা সমস্যা হচ্ছে। সময়ের সঙ্গে এই সমস্যাও কেটে যাবে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই ফোন করে খোঁজ নিয়েছেন, তবে এই মুহূর্তে সবার সঙ্গে কথা বলার মতো অবস্থায় তিনি নেই।

তিনি আরও জানান, এতদিন তারা বিষয়টি প্রকাশ করেননি, কারণ পুরো মনোযোগ ছিল চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার লড়াইয়ে। তবে সামাজিকমাধ্যমে নানা ধরনের আলোচনা ও উদ্বেগ তৈরি হওয়ায় বিষয়টি সবাইকে জানানো প্রয়োজন মনে করেছেন।

এর আগে নিজের অসুস্থতার বিষয়ে ইবরার টিপু জানিয়েছিলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তিনি। পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকতে সংগীতের সঙ্গেই যুক্ত আছেন এবং স্টুডিওতে সময় কাটিয়ে নতুন গান তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ ইবরার টিপু তিন দশকের বেশি সময় ধরে শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন। তার তৈরি ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের গান ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ এখনো দেশের অন্যতম জনপ্রিয় ক্রীড়া সংগীত হিসেবে পরিচিত।

বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ইবরার টিপু। দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের পর তিনি ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে যাচ্ছেন। পরিবার, সহকর্মী ও ভক্তদের ভালোবাসা ও দোয়াই এখন তার বড় শক্তি বলে জানিয়েছেন স্ত্রী বিন্দু কণা।


Share: