Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / প্রধানমন্ত্রীকে দেয়া মেসির সাইন করা জার্সি জাতীয় জাদুঘরে - Chief TV

প্রধানমন্ত্রীকে দেয়া মেসির সাইন করা জার্সি জাতীয় জাদুঘরে - Chief TV

2026-07-07  ডেস্ক রিপোর্ট  31 views
প্রধানমন্ত্রীকে দেয়া মেসির সাইন করা জার্সি জাতীয় জাদুঘরে - Chief TV

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দেওয়া আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির অটোগ্রাফ সংবলিত জার্সি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সংগ্রহে না রেখে সাধারণ দর্শনার্থীদের দেখার সুযোগ করে দেওয়ায় জার্সিটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী উপহার হিসেবে আর্জেন্টিনার তিন তারকা ফুটবলার লিওনেল মেসি, এঞ্জো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজের স্বাক্ষর করা একটি অরিজিনাল জার্সি পান। পরে তিনি সেটি সাধারণ মানুষের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রদর্শনের উদ্যোগ নেন।

বর্তমানে জার্সিটি জাতীয় জাদুঘরের নিচতলার লবিতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য ফুটবলপ্রেমী জাদুঘরে এসে প্রিয় তারকার স্বাক্ষর করা জার্সিটি দেখছেন এবং স্মৃতি হিসেবে ছবি তুলছেন।

সিলেট থেকে সন্তানকে নিয়ে আসা এক অধ্যাপক জানান, তিনি ও তার ছেলে দুজনেই আর্জেন্টিনার সমর্থক। কাছ থেকে মেসির অটোগ্রাফ সংবলিত জার্সি দেখতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।

জামালপুরের শামীম রানা জানান, প্রিয় তারকার স্বাক্ষর করা জার্সিটি দেখার জন্য তিনি অফিস থেকে ছুটি নিয়ে টাঙ্গাইল হয়ে ঢাকায় এসেছেন।

দর্শনার্থীরা বলছেন, প্রধানমন্ত্রীর কাছে থাকা বিশেষ এই উপহার এখন সাধারণ মানুষও দেখতে পারছেন, যা তাদের জন্য আনন্দ ও স্মৃতির একটি বিশেষ সুযোগ তৈরি করেছে।

জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কিপার মনিরুল ইসলাম জানান, বিশ্বকাপ পর্যন্ত জার্সিটি নিচতলার লবিতেই প্রদর্শিত হবে। পরবর্তীতে এটি স্থায়ীভাবে কোন গ্যালারিতে সংরক্ষণ করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, বাংলাদেশের বিপুলসংখ্যক ব্রাজিল সমর্থকদের কথা বিবেচনায় ভবিষ্যতে ব্রাজিলের কোনো কিংবদন্তি ফুটবলারের স্বাক্ষর করা জার্সি সংগ্রহ ও প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে।


Share: