ঢাকার বাইরে থেকে এনে তিন বস্তা ভর্তি বুনো হাঁস বিক্রির সময় উদ্ধার করেছে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট ও বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সদস্যরা। এসময় অবৈধ ব্যবসায়ীকে আটকও করা হয়।
বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের আহ্বায়ক বন্যপ্রাণী বিশেষজ্ঞ আদনান আজাদ বলেন - শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ঢাকার বাইরে থেকে বিপুল পরিমাণ বুনোহাঁসের একটি চালান বনানী এলাকায় এসেছে। সেখানে চোরাকারবারীরা সেগুলো হাত বদলের অপেক্ষায় ছিল । দ্রুত আমরা সেখানে পৌঁছে তাদের হাতেনাতে ধরে ফেলি ।
উদ্ধারকৃত হাঁসগুলো প্রথমে বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনে নিয়ে আসা হয়। পরবর্তীতে সেগুলো বন বিভাগের জিম্মায় রাখা হয়েছে, আগামীকাল প্রাকৃতিক পরিবেশে সেগুলো অবমুক্ত করা হবে বলে জানান তিনি।