Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আশিকা সুলতানা - Chief TV

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আশিকা সুলতানা - Chief TV

2026-07-02  ডেস্ক রিপোর্ট  135 views
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আশিকা সুলতানা - Chief TV
রাজধানীর মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার হওয়া নীলফামারী-৩ আসনের (সংরক্ষিত) সাবেক সংসদ সদস্য মোছা. আশিকা সুলতানাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
 
বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে আজ বিকেলে আওয়ামী লীগের এই নেত্রীকে আদালতে হাজির করে পুলিশ।
 
এরপর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আল মামুন হোসেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটকে রাখার আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে সাবেক এই সংসদ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৫ জুন রাতে রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৬ জুন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত প্রথম দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
পরবর্তীতে ২৯ জুন প্রথম দফার রিমান্ড শেষে পুলিশ তাকে আবারও আদালতে হাজির করে এবং আদালত দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৯ জুন মিরপুর-১ এলাকার বাটা শোরুমের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রায় ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী একটি মিছিল বের করেন। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ব্যানার-ফেস্টুন ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান।
 
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দাবি করে, মিছিলটি মূলত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছিল।
 
এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে, যে মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

Share: