Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / রোনালদোর ভক্ত হলেও মেসির প্রশংসায় শ্লাজার - Chief TV

রোনালদোর ভক্ত হলেও মেসির প্রশংসায় শ্লাজার - Chief TV

2026-06-22  ডেস্ক রিপোর্ট  33 views
রোনালদোর ভক্ত হলেও মেসির প্রশংসায় শ্লাজার - Chief TV
ফুটবল মাঠে লিওনেল মেসির মুখোমুখি হওয়া যেকোনো ডিফেন্ডার বা গোলরক্ষকের জন্যই এক বিরাট মনস্তাত্ত্বিক পরীক্ষা। বিশ্বকাপের ‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার ডালাসে সেই কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাজার।
 
আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি যেখানে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার লড়াই, সেখানে মহাতারকা লিওনেল মেসির সামনে রয়েছে এক অনন্য ইতিহাস গড়ার মঞ্চ। তবে এই হাইভোল্টেজ ম্যাচের আগে এক চমকপ্রদ স্বীকারোক্তি দিয়ে পাদপ্রদীপের আলোয় চলে এসেছেন অস্ট্রিয়ান গোলবারের সামনের এই প্রাচীর।

নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন এলএমটেন। অস্ট্রিয়ার বিপক্ষে আজ আর একটি গোল করলেই এককভাবে এ রেকর্ডের চূড়ায় বসবেন আর্জেন্টাইন অধিনায়ক।
 
মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে ৩০ বছর বয়সি অস্ট্রিয়ান গোলরক্ষক আলেকজান্ডার শ্লাজার অকপটে স্বীকার করেছেন, তিনি আসলে লিওনেল মেসির নয়, বরং ক্রিশ্চিয়ানো রোনালদোর পাঁড় ভক্ত। রেড বুল সালজবুর্গের এই তারকা সরাসরিই জানান যে, ব্যক্তিগতভাবে তিনি সিআরসেভেনের অনুসারী।

শুরুতেই নিজের পছন্দের কথা পরিষ্কার করে দিলেও মেসির শ্রেষ্ঠত্ব স্বীকার করতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি শ্লাজার। আর্জেন্টাইন জাদুকরকে প্রশংসায় ভাসিয়ে তিনি বলেন, মেসি এমন একজন খেলোয়াড়, যিনি এত দীর্ঘ সময় ধরে অবিশ্বাস্য রকমের উঁচুস্তরে পারফর্ম করে আসছেন যে, তাকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলার চেষ্টা করাটাও ধৃষ্টতার শামিল।
 
দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে অস্ট্রিয়াও কিন্তু দারুণ ছন্দে রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে তারা, যেখানে পোস্টের নিচে চমৎকার খেলেন শ্লাজার। তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি যে সম্পূর্ণ ভিন্ন মাত্রার এবং মাঠে মেসির উপস্থিতি প্রতিপক্ষের ওপর বাড়তি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে, তা ভালো করেই বোঝেন এই অজি গোলরক্ষক।

মেসির প্রভাব নিয়ে শ্লাজার আরও যোগ করেন, মাঠে মেসির উপস্থিতি অসাধারণ এবং সেটি তার দলের মধ্যেও পরিষ্কার ফুটে ওঠে। তিনি যখন মাঠে থাকেন, তখন যে শক্তি তৈরি করেন এবং যে আবহ ছড়িয়ে দেন, তা সত্যিই দুর্দান্ত। আর ঠিক এ কারণেই ম্যাচটি খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।
 
আর্জেন্টাইন অধিনায়কের এই জাদুকরী আবহকে রুখে দিতে নিজেদের সাধ্যমতো সবকিছু করার প্রত্যয় ব্যক্ত করেছেন শ্লাজার। এখন দেখার বিষয়, আজকের মহারণে অস্ট্রিয়ার জমাট রক্ষণ আর রোনালদো-ভক্ত শ্লাজারের দেয়াল ভেঙে মেসি এককভাবে সর্বোচ্চ গোলদাতার বিশ্বরেকর্ড নিজের করে নিতে পারেন কি না।

Share: