আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারি সকালে শাহজাদপুর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে একই মঞ্চে দাঁড়িয়ে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী ইশতেহার পাঠ করেন এবং জাতীয় নির্বাচনে আচরণবিধি-২০২৫ শতভাগ প্রতিপালনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মাশফিকা হোসেন। এ সময় তিনি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
নির্বাচনী ইতিহাসে সৌহার্দ্যের একটি দৃষ্টান্ত স্থাপন করে এ অনুষ্ঠানে প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা একযোগে অংশগ্রহণ করেন।
নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী
প্রফেসর ড. এম. এ. মুহিত (ধানের শীষ)
১০ দলীয় জোট এনসিপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী
এস. এম. সাইফ মোস্তাফিজ (শাপলা কলি)
জেএসডির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী
মোছা. ইলোরা খাতুন (তারা)
জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী
মো. মোক্তার হোসেন (লাঙল)
বাসদের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী
মো. আনোয়ার হোসেন (মই)
ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী
মো. মেজবাহ উদ্দিন (হাত পাখা)
আমজনতা পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী
মো. আসাদুল হক (প্রজাপতি)
এবি পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী
আবু জাফর মো. আনোয়ারুস শাদাত (ঈগল)
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী
মো. মোশারফ হোসেন শহিদুল (মোমবাতি)
স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন—
মো. হুমায়ুন কবির (ঘোড়া) এবং
মো. ওয়াসেক ইকবাল খান মজলিস (হেলিকপ্টার)।
অনুষ্ঠানে প্রার্থীরা একে একে তাদের নির্বাচনী অঙ্গীকার ও ইশতেহার পাঠ করেন। শাহজাদপুরের উন্নয়ন, কৃষি, শিক্ষা ও অবকাঠামো খাতকে অগ্রাধিকার দিয়ে তারা নিজ নিজ পরিকল্পনার কথা তুলে ধরেন।
ইশতেহার পাঠ শেষে প্রার্থীরা সমস্বরে জাতীয় নির্বাচনে আচরণবিধি-২০২৫ মেনে চলার শপথ গ্রহণ করেন এবং সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন।
এ সময় মিলনায়তনে উপস্থিত বিভিন্ন দলের হাজারো নেতাকর্মী ও সমর্থক করতালির মাধ্যমে এ উদ্যোগকে স্বাগত জানান।