Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী রুবেল - Chief TV

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী রুবেল - Chief TV

2026-02-24  আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি  87 views
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী রুবেল - Chief TV

পলাশবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় থাকা ফরিদুল হক রুবেল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পৌর এলাকার প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় ও ইফতার মাহফিলে তিনি তার রাজনৈতিক অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নাগরিক প্রত্যাশার বিভিন্ন দিক তুলে ধরেন।

দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রুবেল ছাত্রজীবন থেকেই দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি ২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত পলাশবাড়ী উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৯ সালে গাইবান্ধা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাইবান্ধা জেলা কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মতবিনিময় সভায় তিনি বলেন, “পৌরসভাকে জনগণের প্রকৃত সেবাকেন্দ্রে রূপান্তর করাই হবে আমার লক্ষ্য। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতে চাই।”

নির্বাচিত হলে তিনি জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, পৌরসেবায় ডিজিটাল পদ্ধতি চালু, সড়ক ও আলোকসজ্জার উন্নয়ন এবং যুবসমাজের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

শিক্ষাজীবনে তিনি ১৯৯৮ সালে পলাশবাড়ী সরকারি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তার বড় ভাই জিয়াউল হক জুয়েল পলাশবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনীতির পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ। তিনি ১৯৯২, ১৯৯৩ ও ১৯৯৪ সালে বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। বর্তমানে তিনি পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমির ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে একাধিক মামলার আসামি হয়ে কয়েকবার কারাবরণ করেছেন বলেও তিনি সাংবাদিকদের জানান। তার দাবি, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

সভায় উপস্থিত সাংবাদিকরা সম্ভাব্য নির্বাচনী পরিকল্পনা, নাগরিক সেবার উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। জবাবে রুবেল বলেন, “নাগরিকদের প্রত্যাশাই হবে আমার কর্মপরিকল্পনার ভিত্তি।”

এসময় পৌর এলাকার ব্যবসায়ী, শিক্ষক ও তরুণদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা জবাবদিহিমূলক, কর্মমুখী ও সক্রিয় নেতৃত্ব প্রত্যাশা করেন। অনেকের মতে, তরুণ নেতৃত্ব পৌর প্রশাসনে নতুন দৃষ্টিভঙ্গি ও গতিশীলতা আনতে সক্ষম।

সবশেষে পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মুহাম্মদ শহিদুল ইসলাম রাজা বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।


Share: