Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / পাবনা / সাঁথিয়ায় ধর্ষণচেষ্টা মামলা: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার - Chief TV

সাঁথিয়ায় ধর্ষণচেষ্টা মামলা: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার - Chief TV

2026-06-15  ডেস্ক রিপোর্ট  25 views
সাঁথিয়ায় ধর্ষণচেষ্টা মামলা: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার - Chief TV
পাবনার সাঁথিয়া উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান অভিযুক্ত ও বহিষ্কৃত যুবদল নেতা আবুল কাশেমকে (কাশেম শেখ) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে আতাইকুলা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
 
গ্রেপ্তারকৃত আবুল কাশেম সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার আরিয়াডাংগী গ্রামের নিজামুদ্দিন শেখের ছেলে এবং আর-আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি ছিলেন।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান আবুল কাশেম। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরদিন (১২ জুন) শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশেম শেখকে একমাত্র আসামি করে আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করেন।
 
ঘটনার পর থেকেই কাশেম পলাতক ছিলেন। এদিকে, এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রোববার স্থানীয় বিক্ষুব্ধ জনতা কাশেমের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

পাবনার সাঁথিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার এই অভিযোগ ওঠার পর দলীয় শৃঙ্খলা ও নৈতিকতা ভঙ্গের কারণে আবুল কাশেমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
 
রোববার রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব এবং সাধারণ সম্পাদক বিল্লাল সরদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করাসহ এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share: