যাকাতের মূল লক্ষ্য দারিদ্র্য বিমোচন এবং মানুষকে আর্থিকভাবে স্বচ্ছল করে তোলা—যাতে আজকের যাকাতগ্রহীতা আগামীতে যাকাতদাতায় পরিণত হতে পারেন। যাকাত ব্যবস্থাপনার প্রধান দায়িত্ব রাষ্ট্র ও সরকারের হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে যাকাত আদায় ও বিতরণ কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না। ফলে দারিদ্র্য বিমোচনে যাকাতের কার্যকর ভূমিকা এখনও দৃশ্যমান নয়।
ব্যক্তিগত ব্যবস্থাপনায় যাকাত সংগ্রহের মাধ্যমে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের টেকসই উন্নয়ন সম্ভব না হওয়ায় বিশ্বের অনেক দেশে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা যাকাত তহবিল গঠন করে তা বণ্টনের দায়িত্ব পালন করছে। বাংলাদেশেও এই লক্ষ্যকে সামনে রেখে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) যাকাত ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি আল্লাহ তা’আলা কর্তৃক ফরজ বিধান হিসেবে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য মানুষের কাছে তুলে ধরতে কাজ করে যাচ্ছে।
সিজেডএম নিঃস্ব ও বঞ্চিত মানুষের কল্যাণে নিবেদিত একটি সামাজিক প্রতিষ্ঠান। একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যাকাতের অর্থের কার্যকর ব্যবহার, সংগ্রহ ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলছে সংস্থাটি। এর অংশ হিসেবে সিজেডএম আয়বর্ধক ও সমন্বিত প্রকল্পের মাধ্যমে দরিদ্রদের স্বাবলম্বী করা, বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাসিক বৃত্তি প্রদান, বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থান, বঞ্চিত শিশুদের শিক্ষা ও পুষ্টি সহায়তা, অসহায় নারীদের স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণসহ নানা মানবিক কার্যক্রম বাস্তবায়ন করছে।
দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত এসব কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে হাজার হাজার সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হয়েছেন। পাশাপাশি সমাজে যাকাত বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিজেডএম নিয়মিত কর্মশালা, সেমিনার, রাউন্ড টেবিল আলোচনা, প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণমূলক প্রচার কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ ধারাবাহিকতায় আজ রাজধানী ঢাকার আদাবর এলাকার বায়তুল আমান সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় “যাকাতের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বায়তুল আমান সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মো. ফরিদ উদ্দিন।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বরণ্য ইসলামী চিন্তাবিদ ও গবেষক শায়খ মুহাদ্দিস মাহমুদুল হাসান, খতিব, বায়তুল আমান সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন মুহাম্মদ হুমায়ুন কবির, সেক্রেটারি, বায়তুল আমান সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে তত্ত্বাবধান করেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, সংগঠক ও আইবিটি-এর প্রিন্সিপাল মো. সফিকুল ইসলাম স্বপন। এছাড়াও মসজিদের দায়িত্বপ্রাপ্ত ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।