বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত। তিনি আশ্বাস দিয়েছেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং চাকরি স্থায়ীকরণ বা জাতীয়করণের বিষয়ে উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।
শনিবার বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘সম্মানিত শিক্ষকদের সমাবেশে অনেকেই চাকরি জাতীয়করণের প্রসঙ্গ তুলেছেন। কেউ কেউ আরো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কথাও বলেছেন। এ ছাড়াও বেসরকারি শিক্ষকদের নানা দাবি রয়েছে। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের এসব ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত।’
তিনি আরও বলেন, ‘বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, অধিকাংশ সময় শিক্ষকদের নানা দাবি সে সময় পূরণ হয়েছে—এ কথাও আপনাদের বক্তব্য থেকেই উঠে এসেছে। কাজেই আপনাদের দাবিগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল।’
শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘রাষ্ট্র ও রাজনীতি সংস্কার কিংবা নাগরিক উন্নয়নের যে উদ্যোগই নেওয়া হোক না কেন, যদি আমরা শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে না পারি, তাহলে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব নয়।’
তারেক রহমান বলেন, ‘জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো, চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।’