Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / রাজশাহী / সিরাজগঞ্জে দুই মানহানি মামলায় জামিন পেলেন মুফতি আমীর হামজা - Chief TV

সিরাজগঞ্জে দুই মানহানি মামলায় জামিন পেলেন মুফতি আমীর হামজা - Chief TV

2026-06-14  ডেস্ক রিপোর্ট  25 views
সিরাজগঞ্জে দুই মানহানি মামলায় জামিন পেলেন মুফতি আমীর হামজা - Chief TV
সিরাজগঞ্জ সদর ও চৌহালী আমলি আদালতে দায়ের করা পৃথক দুটি মানহানি মামলায় জামিন পেয়েছেন আলোচিত ইসলামি বক্তা মুফতি আমীর হামজা। রোববার (১৪ জুন) দুপুরে তিনি আদালতে সশরীরে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
 
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এবং সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল জামিন পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমীর হামজার বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করেন খোদ অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল।
 
ওই দিনই আদালত অভিযোগ আমলে নিয়ে আমীর হামজাকে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছিলেন। তবে নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়।
 
পরবর্তীতে গত ২৭ এপ্রিল এই মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন লাভ করেন তিনি। আজ সেই জামিনের মেয়াদ শেষে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন নেন।

অপরদিকে, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা অন্য একটি মামলায় সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সুমন কুমার কর্মকার তার জামিন মঞ্জুর করেন।

এই মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১৬ জানুয়ারি একটি ইসলামি ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় মুফতি আমীর হামজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন।
 
পরবর্তীতে তার সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে থাকা বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।
 
এই ঘটনার জেরে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান বাদী হয়ে চলতি বছরের ২০ জানুয়ারি আমীর হামজার বিরুদ্ধে আদালতে এই মানহানি মামলাটি দায়ের করেছিলেন। আজ দুটি মামলাতেই তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিন পেলেন।

Share: