Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় অন্তর্বর্তী সরকার - Chief TV

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় অন্তর্বর্তী সরকার - Chief TV

2026-01-19  আব্দুল্লাহ্ আনন্দ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  130 views
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় অন্তর্বর্তী সরকার - Chief TV

দেশের উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও পানিসম্পদ ব্যবস্থাপনায় যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় রয়েছে অন্তর্বর্তী সরকার। প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে চীনা সরকারের কাছে পাঠানো হয়েছে এবং অর্থায়নসংক্রান্ত চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা মহাপরিকল্পনার আওতায় নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বর্তমানে চীনা সরকারের একটি বিশেষজ্ঞ দল প্রকল্পটির কারিগরি, আর্থিক ও বাস্তবায়ন কাঠামো গভীরভাবে যাচাই-বাছাই করছে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চীন চূড়ান্ত সম্মতি দিলে দেশের অন্যতম বৃহৎ এই উন্নয়ন প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা শুধু একটি প্রকৌশল প্রকল্প নয়; এটি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও প্রত্যাশার প্রতিফলন। প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি উৎপাদন, সেচব্যবস্থা ও বন্যা নিয়ন্ত্রণে বৈপ্লবিক পরিবর্তন আসবে। একই সঙ্গে পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং নদীভাঙন প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপদেষ্টা আরও জানান, প্রকল্পের অর্থায়ন নিয়ে চীনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এবং সরকার এ বিষয়ে অত্যন্ত আশাবাদী। বেইজিং থেকে সবুজ সংকেত পেলেই মাঠপর্যায়ে কাজ শুরুর জন্য সরকারের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

এদিকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, তিনি শিগগিরই তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশ–চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতার বিষয়টি পুনরায় স্মরণ করেন।

আলোচনায় তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের পাশাপাশি প্রস্তাবিত বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল প্রকল্পও অন্তর্ভুক্ত ছিল। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিস্তা প্রকল্পের চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, এর আগে গত ১৮ জানুয়ারি রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, তিনি অচিরেই তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন এবং চীন এই প্রকল্পের কারিগরি মূল্যায়ন দ্রুততম সময়ে শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম উত্তরের পাঁচ জেলা জুড়ে প্রবাহিত তিস্তা নদীর গতি-প্রকৃতি ও বিদ্যমান সংকট উপদেষ্টার সামনে তুলে ধরেন।

পরবর্তীতে উপদেষ্টা তিস্তা রেলসেতু এলাকা থেকে নৌকাযোগে তিস্তা নদী পরিদর্শন করেন। এ সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, রিভারাইন পিপল-এর পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর উপদেষ্টা ও চীনা রাষ্ট্রদূত কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুক শাহবাজপুর এলাকার তিস্তা নদীর ভাঙনপ্রবণ অঞ্চল পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।


Share:

ট্যাগস: chief tv chief tv news জাতীয়