Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / খেলাধুলা / ভারতে বিশ্বকাপ খেলতে চায় না আয়ারল্যান্ডও - Chief TV

ভারতে বিশ্বকাপ খেলতে চায় না আয়ারল্যান্ডও - Chief TV

2026-01-18  ডেস্ক রিপোর্ট  105 views
ভারতে বিশ্বকাপ খেলতে চায় না আয়ারল্যান্ডও - Chief TV

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাব দিয়েছে—এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়ারল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরাচ্ছে না এবং তারা ভারতে গিয়ে ম্যাচ খেলতেও আগ্রহী নয়।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা জানান, তারা আইসিসির কাছ থেকে নিশ্চিত আশ্বাস পেয়েছেন যে নির্ধারিত সূচি অনুযায়ীই তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তার ভাষায়, গ্রুপ পর্বের সব ম্যাচ তারা শ্রীলঙ্কাতেই খেলবেন।

বর্তমানে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ ‘বি’-তে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। গ্রুপটির ম্যাচগুলো ক্যান্ডি ও কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। নির্ধারিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা। তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত সফরে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে বিসিবি।

এই প্রেক্ষাপটে শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে এক বৈঠকে বিসিবি সম্ভাব্য সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাব তোলে। বিসিবির মতে, এমনটি হলে তুলনামূলকভাবে কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হতে পারে।

বিসিবি এক বিবৃতিতে জানায়, ন্যূনতম লজিস্টিক সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজতে বাংলাদেশকে অন্য গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি খেলোয়াড়, সমর্থক, গণমাধ্যমকর্মী ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ পুনরায় জানানো হয়েছে।

আইসিসি ও বিসিবি উভয় পক্ষই আগামী দিনগুলোতে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।

আইসিসির প্রতিনিধিদলে সরাসরি উপস্থিত ছিলেন ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। এছাড়া ভিসা জটিলতার কারণে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা।

বিসিবির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম, নিরাপত্তা প্রধান (অব.) ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়ার পর উদ্ভূত নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষিতে বাংলাদেশ ৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভারতের বাইরে তাদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়।


Share:

ট্যাগস: chief tv chief tv news খেলা