Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / নকআউটের টিকিট নিশ্চিত হলেও মুখোমুখি এমবাপ্পে-হ্যাল্যান্ড - Chief TV

নকআউটের টিকিট নিশ্চিত হলেও মুখোমুখি এমবাপ্পে-হ্যাল্যান্ড - Chief TV

2026-06-26  ডেস্ক রিপোর্ট  25 views
নকআউটের টিকিট নিশ্চিত হলেও মুখোমুখি এমবাপ্পে-হ্যাল্যান্ড - Chief TV
‘আই’ গ্রুপ থেকে ইতোমধ্যে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছে ফ্রান্স ও নরওয়ে। ফলে আজ রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি দুই দলের জন্যই মূলত নিয়ম রক্ষার আনুষ্ঠানিকতা।
 
তবে শেষ ষোলোর মহাযুদ্ধের আগে জয়ের ছন্দ ধরে রাখতে এবং গ্রুপসেরা হওয়ার লক্ষ্য নিয়ে বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি।
 
বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি রূপ নিতে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পে বনাম আর্লিং হ্যাল্যান্ডের এক রোমাঞ্চকর দ্বৈরথে।
 
দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন হ্যাল্যান্ড, যিনি ইতোমধ্যে চার গোল করে সর্বোচ্চ স্কোরারের তালিকায় শীর্ষে আছেন।
 
ইরাককে ৪-১ এবং সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে উড়তে থাকা নরওয়ের আক্রমণভাগকে রুখতে ফরাসি কোচ দিদিয়ের দেশম কী কৌশল নেন, সেটাই এখন দেখার বিষয়।
 
অন্যদিকে, তারকাখচিত ফ্রান্স দলের প্রধান অস্ত্র কিলিয়ান এমবাপ্পেও রয়েছেন দুর্দান্ত ফর্মে; সেনেগাল ও ইরাকের বিপক্ষে তাঁর জোড়া গোলের ওপর ভর করেই টানা জয় পেয়েছে ফরাসিরা।
 
এই ম্যাচটি ফ্রান্সের জন্য বাড়তি আবেগেরও, কারণ কদিন আগেই মা হারিয়েছেন তাদের কোচ দেশম, তাই কোচের মুখে হাসি ফোটাতে জয় ভিন্ন কিছুই ভাবছে না দল।
 
ইতিহাসে দুই দলের ১৬ বারের দেখায় ফ্রান্স জিতেছে ৭টিতে এবং নরওয়ে ৫টিতে, বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছে। আজ বোস্টন স্টেডিয়ামে ফরাসি সৌরভ ছড়াবে নাকি ভাইকিংস গর্জন উঠবে, তা দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।

 

Share: