চট্টগ্রাম বন্দরে ১২০০ টন পণ্যবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের মোহনায় বন্দরসীমার কাছে যান্ত্রিক ত্রুটির কারণে ‘এমভি জায়ান’ নামের লাইটারেজ জাহাজটি প্রায় সম্পূর্ণরূপে ডুবে যায়। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এতে আপাতত বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো বাধা তৈরি হয়নি।
বন্দর সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জাহাজটিতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। শনিবার সকালে সেটিকে উপকূলের দিকে আনার সময় পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি এলাকায় এটি ডুবে যায়। জাহাজটিতে সিরামিক শিল্পে ব্যবহৃত ‘বল ক্লে’ নামের কাঁচামাল বহন করা হচ্ছিল।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, বহির্নোঙর থেকে ১২০০ টন পণ্য খালাসের পর জাহাজটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। মাঝপথে ডুবে যাওয়ায় সব পণ্য নষ্ট হয়ে গেছে। তবে এতে বন্দর চ্যানেলের অন্যান্য জাহাজের চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না।
জাহাজটির মালিক প্রতিষ্ঠান জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু বলেন, শুক্রবার রাত ৮টার দিকে জাহাজটির স্টিয়ারিং ও ইঞ্জিন একসঙ্গে বিকল হয়ে পড়ে। সকালে তীরের দিকে টানার সময় জাহাজটির অর্ধেকের বেশি অংশ পানিতে তলিয়ে যায়। সৌভাগ্যবশত, জাহাজে থাকা ১৩ নাবিক সবাই নিরাপদে আছেন।
লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি জানিয়েছেন, নেভাল একাডেমির কাছাকাছি এলাকায় জাহাজটি চরে আটকে গেলে তলা ফেটে পানি ঢোকে। এক পর্যায়ে তিনটি হ্যাচে পানি প্রবেশ করে প্রায় ৯০ শতাংশ জাহাজ পানির নিচে তলিয়ে যায়।