Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / বৈষম্যবিরোধী কমিটির ১০ জনের গণপদত্যাগ - Chief TV

বৈষম্যবিরোধী কমিটির ১০ জনের গণপদত্যাগ - Chief TV

2026-01-17  ডেস্ক রিপোর্ট  120 views
বৈষম্যবিরোধী কমিটির ১০ জনের গণপদত্যাগ - Chief TV

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁ জেলা আহ্বায়ক কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন সংগঠক ও জুলাই আহত যোদ্ধাসহ মোট ১০ জন। কমিটি গঠন ও কার্যক্রম ঘিরে বিতর্ক, অস্পষ্টতা, স্বচ্ছতার অভাব এবং আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক অবস্থানের অভিযোগ তুলে তারা এই সিদ্ধান্ত নেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলা আহ্বায়কের কাছে লিখিত গণপদত্যাগপত্র জমা দেন পদত্যাগকারীরা।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন আহ্বায়ক কমিটির সংগঠক শিহাব হোসেন, সদস্য ও জুলাই আহত যোদ্ধা সালমান, সাদমান সাকিব সাদাফ, আহনাফ হোসেন, ইফাত রাব্বী, সাদ্দাম হোসেন, ইলিয়াস হোসেন, গোলাম রাব্বী, এমরান হোসেন এবং অমিত হোসেন নিরব।

পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, সংগঠনের কেন্দ্রীয় অনুমোদনে সম্প্রতি গঠিত নওগাঁ জেলা আহ্বায়ক কমিটি শুরু থেকেই নানা প্রশ্ন ও অসন্তোষের জন্ম দিয়েছে। কমিটি গঠনের প্রক্রিয়া এবং পরবর্তী কার্যক্রম আন্দোলনের নৈতিক অবস্থান, আদর্শ ও ছাত্রসমাজের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সেখানে সদস্য হিসেবে থাকা তাদের জন্য বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে। আন্দোলনের চেতনা ও ব্যক্তিগত আত্মসম্মান রক্ষার স্বার্থেই তারা একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এর আগে সাংগঠনিক অস্বচ্ছতার অভিযোগ তুলে একই কমিটির যুগ্ম সদস্য সচিব শাফিক মোয়াম্মার রিয়ানও পদত্যাগ করেছিলেন।

পদত্যাগ প্রসঙ্গে জুলাই আহত যোদ্ধা সালমান বলেন, রাজপথে আন্দোলনে যারা সামনে থেকে লড়াই করেছেন, আজ তারাই অবহেলিত। অথচ আন্দোলনে সক্রিয় ছিলেন না—এমন অনেকেই কমিটিতে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছেন, যা তাদের জন্য হতাশাজনক।

সংগঠক শিহাব হোসেন বলেন, এই কমিটি আন্দোলনের আদর্শ বহন করে না। গুরুত্বপূর্ণ পদে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের বঞ্চিত নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আন্দোলনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার প্রত্যাশার পরিপন্থী। এতে আন্দোলনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেই তারা পদত্যাগে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক আরমান হোসেন বলেন, পদত্যাগপত্র পাওয়ার পর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তার দাবি, সংগঠক শিহাব হোসেন ছাড়া অন্যদের স্বাক্ষর নিশ্চিত করা যায়নি এবং স্বাক্ষর জালিয়াতির আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে সাংগঠনিকভাবে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, পদত্যাগপত্রে উত্থাপিত অভিযোগ গ্রহণযোগ্য নয়। কমিটিতে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই। সদস্য সচিব রাফি পূর্বে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠন থেকে পদত্যাগ করেই এখানে যুক্ত হয়েছেন। সম্প্রতি একটি পরিচিতি সভাও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তার দাবি, কমিটি ঘোষণার পর থেকেই একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদের স্বাক্ষরে ২০৬ সদস্যবিশিষ্ট নওগাঁ জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।


Share: