Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / ব্রাজিলের বিদায়ে উচ্ছ্বসিত মেহজাবীন, স্টেডিয়ামেই করলেন উদযাপন - Chief TV

ব্রাজিলের বিদায়ে উচ্ছ্বসিত মেহজাবীন, স্টেডিয়ামেই করলেন উদযাপন - Chief TV

2026-07-06  ডেস্ক রিপোর্ট  29 views
ব্রাজিলের বিদায়ে উচ্ছ্বসিত মেহজাবীন, স্টেডিয়ামেই করলেন উদযাপন - Chief TV
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর চিরপ্রতিদ্বন্দ্বী দলের এমন বিদায়ে গ্যালারিতেই উচ্ছ্বাস প্রকাশ করে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত মেহজাবীন যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বসে সরাসরি ব্রাজিল-নরওয়ের ম্যাচ উপভোগ করেন। ম্যাচ চলাকালে ও শেষ হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করে ব্রাজিলের বিদায় উদযাপন করেন তিনি।

গ্যালারি থেকে পোস্ট করা একটি ছবির ক্যাপশনে রসিকতা করে তিনি লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’

ম্যাচ দেখতে গিয়ে লাল রঙের টপস ও সবুজ স্কার্ট পরা মেহজাবীনকে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে উড়াতেও দেখা যায়। ম্যাচ চলাকালে ভক্তদের উদ্দেশে দেওয়া আরেকটি পোস্টে তিনি মজার ছলে লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশ করেন এই অভিনেত্রী। পরে স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের জয় এবং ব্রাজিলের বিদায়ের মুহূর্তকে পেছনে রেখে ধারণ করা একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘বাই বাই ব্রাজিল।’

মেহজাবীনের এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার রসবোধের প্রশংসা করেছেন, আবার ব্রাজিল সমর্থকদের একাংশ এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

উল্লেখ্য, নরওয়ে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

 

Share: