Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / চট্টগ্রামের বন্যায় প্রাণ গেল ১ লাখ ১২ হাজার গবাদিপশুর - Chief TV

চট্টগ্রামের বন্যায় প্রাণ গেল ১ লাখ ১২ হাজার গবাদিপশুর - Chief TV

2026-07-13  ডেস্ক রিপোর্ট  29 views
চট্টগ্রামের বন্যায় প্রাণ গেল ১ লাখ ১২ হাজার গবাদিপশুর - Chief TV

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা বন্যার পানিতে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় প্রাণিসম্পদ খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি প্রাথমিক হিসাবে, বন্যায় মারা গেছে ১ লাখ ১২ হাজার ৮২৭টি গবাদিপশু ও হাঁস-মুরগি। এতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি ১৫ লাখ টাকা।

বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃত প্রাণীর মধ্যে রয়েছে ৪৬টি গরু, ১২৩টি ছাগল, ৪০টি ভেড়া, ১ লাখ ১১ হাজারের বেশি মুরগি এবং দেড় হাজারের বেশি হাঁস। শুধু প্রাণী মৃত্যুতেই ক্ষতি হয়েছে প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।

এ ছাড়া বন্যার পানিতে নষ্ট হয়েছে প্রায় ১৮ হাজার ৫০০ টন খড়, ঘাস ও দানাদার পশুখাদ্য। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩টি প্রাণিসম্পদ অফিস, পানির নিচে তলিয়ে গেছে ২ হাজার একরের বেশি চারণভূমি এবং ক্ষতির মুখে পড়েছে অন্তত ৬৫টি খামার।

প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে চট্টগ্রাম জেলায়। এরপর রয়েছে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এটি প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাব। বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর মাঠ পর্যায়ে চূড়ান্ত মূল্যায়ন করা হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

ক্ষতিগ্রস্ত খামারি ও প্রাণিসম্পদ খাত পুনরুদ্ধারে জরুরি পশুখাদ্য সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রম নেওয়ার উদ্যোগ চলছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।


Share: