বগুড়া সদর উপজেলার শিকারপুর-কৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ে শৃঙ্খলা মানতে বলাকে কেন্দ্র করে এক সহকারী শিক্ষককে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ঘটে যাওয়া এই ঘটনায় জড়িত দশম শ্রেণির শিক্ষার্থী তাকদীর হোসেন তোহাকে স্থায়ীভাবে বহিষ্কারের (টিসি) সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রাত্যহিক সমাবেশে শিক্ষার্থী তাকদীর হোসেন বড় চুল ও নির্ধারিত ইউনিফর্মের পরিবর্তে থ্রি-কোয়ার্টার প্যান্ট পরে উপস্থিত হলে সহকারী শিক্ষক জহুরুল বাশার আপেল তাকে নিয়ম মেনে চুল ছোট করে সঠিক পোশাকে আসার নির্দেশ দেন এবং বাড়িতে পাঠিয়ে দেন।
এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীটি বাড়িতে গিয়ে তার বড় ভাই ও বাবাকে বিষয়টি জানায়। পরে তারা বিদ্যালয়ে এসে ওই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে অভিযুক্তদের আটক করে।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
লাঞ্ছিত শিক্ষক জহুরুল বাশার আপেল জানান, দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা জীবনে এমন অপমানজনক পরিস্থিতির মুখোমুখি তিনি আগে কখনও হননি। শুধুমাত্র বিদ্যালয়ের নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়াতেই তার ওপর এ ধরনের আচরণ করা হয়েছে বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, জরুরি সভায় অভিযুক্ত শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান বজায় রাখা হবে।
এদিকে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। যদিও ভুক্তভোগী শিক্ষক ব্যক্তিগতভাবে অভিযোগ করতে চাননি, তবে প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।