বগুড়ার ধুনটে নন-এমপিও বিলচাপড়ি আইডিয়াল কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কর্তৃক কলেজ ভাঙচুরের অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে প্রতিবাদ জানিয়েছেন কালেরপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছরোয়ার হোসেন। শনিবার দুপুরে ধুনট উপজেলা প্রেসক্লাবে তিনি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে ছরোয়ার হোসেন জানান, বিলচাপড়ি ও রামনগর গ্রামের মানুষের সহযোগিতায় ২০০০ সালে বাঙালী নদীর পূর্ব পাড়ে ১০৬ শতক জমির ওপর বিলচাপড়ি আইডিয়াল কলেজ প্রতিষ্ঠা করা হয়। তবে দীর্ঘদিন কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কলেজের জমির সাথে নদীর চর সংলগ্ন রামনগর গ্রামের প্রায় ৩০ বিঘা জমি দখল করে অবৈধভাবে বালু উত্তোলনসহ ব্যবসা শুরু করেন।
তিনি অভিযোগ করেন, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান থাকলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে কলেজের মূল ভবন থেকেও একটি ঘর ভেঙে নদীর পশ্চিম পারের বিলচাপড়ি গ্রামে অন্য স্থানে নির্মাণ করা হয় বলে দাবি করেন তিনি।
সাবেক ইউপি সদস্য আরও বলেন, গত ১৬ অক্টোবর তিনি ব্যক্তিগত পৈত্রিক সম্পত্তি ফেরত চাওয়ায় অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার বিরুদ্ধে কলেজ ভাঙচুরের মিথ্যা অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধুনট থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তার সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয়।
সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত মিথ্যা ও অসত্য সংবাদ এবং দায়ের করা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক ঘটনা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানান।