Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / প্রশাসন / ঈশ্বরদীতে শীতার্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন - Chief TV

ঈশ্বরদীতে শীতার্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন - Chief TV

2026-01-12  মো: সজিব হোসেন, পাবনা প্রতিনিধি  107 views
ঈশ্বরদীতে শীতার্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন - Chief TV

ঈশ্বরদীর নিকটবর্তী এলাকাগুলো, বিশেষ করে রেলস্টেশন ও নদীর চরাঞ্চলগুলো তীব্র শীতের প্রভাবে কাঁপছে। উত্তরবঙ্গের এই জনপদে জেঁকে বসা হাড়কাঁপানো শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে ঈশ্বরদী উপজেলা প্রশাসন।

চলতি শীত মৌসুমে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের উদ্যোগে হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম পুরোদমে অব্যাহত রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ মৌসুমে দফায় দফায় শীতবস্ত্রের বরাদ্দ পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া গেছে ১ হাজার ৯৫০টি কম্বল। এছাড়া পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে দুই কিস্তিতে ১ হাজার ৫০০টি ও ৫০০টি কম্বলসহ মোট ৩ হাজার ৯৫০টি কম্বল বরাদ্দ দেওয়া হয়।

এই কম্বলগুলো ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকার রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং আশপাশের এলাকায় অবস্থানরত ছিন্নমূল মানুষ, ভিক্ষুক, পরিচ্ছন্নতা কর্মী ও অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হচ্ছে। রাতের আঁধারে বাসস্ট্যান্ড ও স্টেশনে অবস্থান করা মানুষের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের ঘরে ঘরেও পৌঁছে দেওয়া হচ্ছে শীতবস্ত্র।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, বরাদ্দকৃত ৩ হাজার ৯৫০টি কম্বলের মধ্যে সিংহভাগ ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। তবে জরুরি প্রয়োজন মোকাবিলার জন্য এখনো প্রায় ২০০টি কম্বল মজুত রয়েছে, যা পর্যায়ক্রমে প্রকৃত অভাবী মানুষের মাঝে বিতরণ করা হবে।

উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তীব্র শীতের প্রকোপ অব্যাহত থাকলে এই সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার দাবি জানিয়েছেন তারা।

কম্বল বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান এবং পৌরসচিব জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।


Share: