Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / একসময় অভিনয় করতেন ওসমান হাদি হত্যার মূল আসামি - Chief TV

একসময় অভিনয় করতেন ওসমান হাদি হত্যার মূল আসামি - Chief TV

2025-12-22  ডেস্ক রিপোর্ট  181 views
একসময় অভিনয় করতেন ওসমান হাদি হত্যার মূল আসামি - Chief TV

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সর্বশেষ জানা গেছে, এই ঘটনার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ একসময় শোবিজ অঙ্গনেও কাজ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি নাটকে ফয়সালের অভিনয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়। জানা গেছে, বছর পাঁচেক আগেনির্মিত ‘কিলার’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তার সঙ্গে টিভি নাটকের বেশ কয়েকজন পরিচিত মুখকেও দেখা যায়। কস্টিউম ও মেকআপ দেখে ধারণা করা যায়, নাটকেও তিনি দুর্ধর্ষভাবে হাজির হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, পাঁচ বছর আগে নাটকটির শুটিং হয় রাজধানীর কাউলা এলাকায়।

একজন অভিনেতা জানান, দুই দিনের দৃশ্যধারণ বাকি ছিল। নাটকে অভিনয় করেছিলেন ফয়সাল। তবে এর কাজ পুরোপুরি শেষ হয়নি। এমনকি শিল্পীরাও এর পেমেন্ট পাননি।

এদিকে হত্যাকাণ্ডের আর্থিক যোগসূত্র খতিয়ে দেখে বড় অঙ্কের সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির প্রাথমিক বিশ্লেষণে উঠে এসেছে, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

পরে মরদেহ দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির কাছে তাকে দাফন করা হয়।


Share: