আফগানিস্তানের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরে মাজার-ই-শরিফ শহরের কাছে হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
সংস্থাটি জানায়, স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে মাজার-ই-শরিফের নিকটবর্তী খোলম এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। প্রথমে এর গভীরতা ১০ কিলোমিটার বলা হলেও পরবর্তীতে সংশোধন করে ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরতা নির্ধারণ করা হয়।
সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিম জোয়ানদা রয়টার্সকে জানান,
“এ পর্যন্ত সাতজন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছেন। আহতদের সবাইকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
ভূমিকম্পের প্রভাবে রাজধানী কাবুলসহ আশপাশের এলাকাগুলোও কেঁপে ওঠে। আল জাজিরা ও এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫ লাখ ২৩ হাজার জনসংখ্যার শহর মাজার-ই-শরিফ-এর কাছেই ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।
বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানিয়েছেন, মাজার-ই-শরিফের বিখ্যাত নীল মসজিদ (ব্লু মসজিদ)-এর একটি অংশ ধসে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর। কয়েকটি ভিডিওতে মরদেহ উদ্ধারের দৃশ্যও দেখা গেছে।
উল্লেখ্য, এর মাত্র দুই মাস আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলেও শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।