Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / কুষ্টিয়া / আমির হামজাকে আদালতে হাজির হতে সমন জারি - Chief TV

আমির হামজাকে আদালতে হাজির হতে সমন জারি - Chief TV

2026-04-02  ডেস্ক রিপোর্ট  56 views
আমির হামজাকে আদালতে হাজির হতে সমন জারি - Chief TV

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়া সমন জারি করেন।

এর আগে সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলার দায়ে সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করেন।

বাদি হুমায়ন কবির কর্নেল বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করেছি। উনি আমাদের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলেছে। এতে আমরা ক্ষুব্ধ হয়েছি। টাকা দিয়ে মান হয় না, তাই মামলায় টাকার কথা উল্লেখ করিনি। সঙ্গে সঙ্গে ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তিনি। আমরা ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় তার বিরুদ্ধে মামলা করেছি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বলেন, আমরা সকল কাগজ ও পেনড্রাইভ দিয়ে পূর্ণাঙ্গ মামলা ফাইল করেছি। বিজ্ঞ আদালত আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে সমন জারি করে করেছেন। পরবর্তী তারিখে তিনি হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, গত ২৬ মার্চ জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে আপাদমস্তক ইসলাম বিদ্বেষী ও নাস্তিক আখ্যা দিয়ে প্রকাশ্য জনসম্মুখে বক্তব্য রাখেন মুফতি আমির হামজা। এতে আমাদের রক্তক্ষরণ হয়েছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেছেন।

তিনি আরও বলেন, সিরাজগঞ্জের সকল মুফতি প্রকাশ্যে বলেছেন, টুকু সাহেব যে বক্তব্য দিয়েছেন, এটা ইসলাম বিরোধী বক্তব্য নয়। তাকে নাস্তিক বলা যাবে না। আমরা ইচ্ছা করলে সভা সমাবেশ করতে পারতাম। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতের শরণাপন্ন হয়েছি।

সাইদুর রহমান বাচ্চু বলেন, শুনেছি মুফতি আমির হামজা আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু আমরা চাই তিনি জনসম্মুখে ক্ষমা চাইবে।

এর আগে সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী ১০০ কোটি টাকা মানহানির মামলা করেন।


Share: