Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর ২ দিনের রিমান্ড - Chief TV

আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর ২ দিনের রিমান্ড - Chief TV

2026-06-24  ডেস্ক রিপোর্ট  38 views
আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর ২ দিনের রিমান্ড - Chief TV

স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর মো. আব্দুল মালেক গত ২১ জুন জাহের আলভীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন আদালত রিমান্ড শুনানির জন্য ২৪ জুন দিন ধার্য করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জাহের আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্ত্রীকে উদ্দেশ্য করে অপমানজনক ও উসকানিমূলক বিভিন্ন মন্তব্য ও পোস্ট করতেন। এছাড়া বিবাহিত থাকা অবস্থায় অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশ করে বিভিন্ন পোস্ট দেওয়ার বিষয়টিও তদন্তে গুরুত্ব পাচ্ছে। মামলার প্রকৃত রহস্য উদঘাটন, পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য রিমান্ড প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার জাহের আলভী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইবনাত ইকরাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয় এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়।

বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নতুন তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছে তদন্ত সংশ্লিষ্টরা।


Share: