চীনের দালিয়ান সফর শেষে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ের চাওইয়াং রেলওয়ে স্টেশনে পৌঁছান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বেইজিং পৌঁছানোর পর চাওইয়াং রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে তাদের চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। সফরকালীন সময় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।
এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান নর্থ রেলওয়ে স্টেশন থেকে হাই-স্পিড বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বেইজিংয়ে পৌঁছানোর আগে প্রধানমন্ত্রী দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন। সেখানে বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ, প্রযুক্তি এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করেন তিনি।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম চীন সফর। এর আগে মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে সোমবার চীনের দালিয়ানে পৌঁছান তিনি। সফরকে ঘিরে বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশা করছেন সংশ্লিষ্টরা।
আগামী দুই দিনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।