টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহও বাকি নেই। এর মধ্যেই টুর্নামেন্ট ঘিরে তৈরি হয়েছে নানা নাটকীয়তা। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করার আইসিসির সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই সিদ্ধান্তকে ‘অন্যায়’ উল্লেখ করে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে এবং বিষয়টি আইসিসির বোর্ডসভায়ও তুলে ধরা হয়েছে। একই নিয়ম সব দেশের জন্য প্রযোজ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি জানান, পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারই নেবে।
এই বক্তব্যের পর আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে শুরু হয় আলোচনা-সমালোচনা। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে আইসিসি কঠোর ব্যবস্থা নিতে পারে। সম্ভাব্য শাস্তির মধ্যে ছিল নিষেধাজ্ঞা, দ্বিপক্ষীয় সিরিজ বাতিল, পিএসএলে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে বাধা এবং এমনকি এশিয়া কাপ থেকেও বাদ পড়ার ঝুঁকি।
এমন পরিস্থিতির মধ্যেই রোববার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান। সংবাদ সম্মেলনে দল প্রকাশ করেন নির্বাচক আকিব জাভেদ, সাদা বলের কোচ মাইক হেসন ও অধিনায়ক সালমান আলি আগা।
১৫ সদস্যের দলে সবচেয়ে বড় চমক ছিলেন হারিস রউফের বাদ পড়া। যদিও তিনি চলমান বিগ ব্যাশ লিগে সর্বোচ্চ উইকেটশিকারি। অন্যদিকে সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও দলে জায়গা পেয়েছেন বাবর আজম।
প্রথমবারের মতো আইসিসি ইভেন্ট খেলতে ডাক পেয়েছেন স্পিনার উসমান তারিক। দলে রয়েছেন কয়েকজন তরুণ ক্রিকেটারও, পাশাপাশি অভিজ্ঞ মুখ হিসেবে দেখা যাবে শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, ফখর জামান, নাসিম শাহ ও মোহাম্মদ নেওয়াজকে।
বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলংকায়। আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ১৫ ফেব্রুয়ারি ভারত এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে সালমান আগার দল।
উল্লেখ্য, এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসছে ভারত ও শ্রীলংকায়। দলগুলো ৩১ জানুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তনের সুযোগ পাবে।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড
সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।