সাম্প্রতিক সংঘর্ষে দক্ষিণ লেবাননে ১১ হাজারের বেশি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এতে হাজারো পরিবার তাদের বসতভিটা হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অনেকের জন্য নিজ এলাকায় ফিরে যাওয়ার পথ খুললেও ফিরে যাওয়ার মতো কোনো ঘর আর অবশিষ্ট নেই।
নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ১১ হাজারের বেশি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া প্রায় ২ হাজার ২০০ ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিরাপত্তাহীনতা এবং বিস্ফোরিত না হওয়া অস্ত্রের উপস্থিতি ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ ও স্থায়ীভাবে ফিরে আসার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে অনেক পরিবার এখনও চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
তবে এসব প্রতিকূলতার মধ্যেও আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন অনেক বাসিন্দা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এক রাতেই প্রায় ১৯ হাজার মানুষ আশ্রয়কেন্দ্র ত্যাগ করে নিজ এলাকায় ফিরে গেছেন। এতে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের সংখ্যা কমে প্রায় ৯০ হাজারে নেমে এসেছে।
জাতিসংঘের মতে, ক্ষতিগ্রস্ত অঞ্চলে অবকাঠামো পুনর্গঠন, নিরাপত্তা নিশ্চিত করা এবং মৌলিক সেবা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা কঠিন হয়ে থাকবে। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।