একাত্তরের স্বাধীনতাই আমাদের অস্তিত্ব। কিন্তু একটি গোষ্ঠী সেই একাত্তরকে পেছনে ফেলতে চায়—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমাদের শিকড় জানা খুব জরুরি। আমরা ১৯৭১ সালে একটি মুক্তিযুদ্ধ করেছি। সেই একাত্তরের স্বাধীনতাই আমাদের অস্তিত্ব—আমাদের দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে এবং সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে।”
তিনি আরও বলেন, “দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না। তাই একাত্তরকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। ১৯৭১ সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই একসঙ্গে স্বাধীনতার জন্য লড়াই করেছি।”
মির্জা ফখরুল অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে এবং মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “ভোট হলো পবিত্র আমানত। পাঁচ বছর পর পর যে ভোট আসে, সেটাকে খেয়ানত করা যাবে না। আপনারা নিজের বিবেচনায় সঠিক ব্যক্তিকে ভোট দেবেন। কারণ ভোটের সময় নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হয়।”
তিনি উপস্থিত ভোটার ও সমর্থকদের আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।