ভারতের সাবেক অধিনায়ক ও মাহেন্দ্র সিং ধোনি-কে ঝাড়খণ্ড স্টেট হাউজিং বোর্ড (JSHB) নোটিশ দিয়েছে। রাঁচিতে বরাদ্দপ্রাপ্ত আবাসিক প্লট বাণিজ্যিকভাবে ব্যবহারের অভিযোগে এই নোটিশ পাঠানো হয়েছে।
ধোনিকে ২০০৬ সালে রাঁচির হারমু রোডের প্রায় ১০ হাজার বর্গফুট জমি উপহার দেওয়া হয়েছিল। বরাদ্দের শর্ত অনুযায়ী জমিটি শুধুমাত্র আবাসিক কাজে ব্যবহার করতে হবে। তবে হাউজিং বোর্ডের তদন্তে দেখা গেছে, ওই বাড়ি থেকে ডায়াগনস্টিক সেন্টার বা প্যাথলজি ল্যাব পরিচালিত হচ্ছে।
বোর্ড ধোনিকে ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে প্লটের বরাদ্দ বাতিলের প্রক্রিয়া শুরু হতে পারে। একই এলাকার আরও কয়েকজনকেও অনুরূপ অভিযোগে নোটিশ পাঠানো হয়েছে।
ধোনি বর্তমানে হারমু রোডের বাড়ি ছেড়ে সিমালিয়া রিং রোডে নিজের সাত একরজুড়ে ফার্মহাউসে বসবাস করছেন। নোটিশ সম্পর্কে এখনও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। ৪৪ বছর বয়সী এই ক্রিকেট তারকা বর্তমানে আইপিএল ২০২৬ মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত।