বছর গড়িয়ে চলে এসেছে একবারে শেষ প্রান্তে। আসুন একনজরে দেখে নেওয়া যাক বিদায়ী ২০২৫ সালে বিশ্বের আালোচিত ঘটনা ও বিষয়।
ট্রাম্পের শুল্কনীতি
বছরের শুরুতেই আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি। ক্ষমতায় বসার পর থেকেই তিনি যেন গোটা বিশ্বের ওপর খড়গহস্ত হয়েছেন। তার নমুনা হিসেবে চীনের ওপর ১০০ শতাংশ এবং ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি। ভারতের ক্ষেত্রে এই শুল্কের মধ্যে ২৫ শতাংশ ছিল রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’। ট্রাম্পের এই আগ্রাসী অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যে উত্তেজনা ছড়ায়। বিশেষ করে আমেরিকা, চীন ও রাশিয়ার মধ্যে শুল্কনীতি ঘিরে শুরু হয় নতুন করে ঠাণ্ডা লড়াইয়ের দর কষাকষি, যা বহু মানুষের মনে পুরনো কোল্ড ওয়ারের স্মৃতি ফিরিয়ে আনে।
হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি
২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাত এ বছরের প্রায় শেষ নাগাদও চলেছে। ইসরায়েলের নৃশংস আগ্রাসী চরিত্র বছরজুড়েই দেখেছে বিশ্ববাসী। অবশেষে ২০২৫ সালের ১০ অক্টোবর হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি কার্যকরের পরও দফায় দফায় শর্ত লঙ্ঘন করে ইসরায়েল।
ইউক্রেনে যুদ্ধ বন্ধে কূটনীতিক উদ্যোগ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকেই ইউক্রেন যুদ্ধ অবসানে নানা পদক্ষেপ নিয়েছেন। তিনি নিজেই দুপক্ষের প্রতিনিধির সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। শেষ দফা বৈঠক হয়েছে বছরের শেষ সপ্তাহেও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের ট্রাম্প বলেছেন, আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। তবে এখনও কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে।
পেহেলগামে হামলা ভারত-পাকিস্তান উত্তেজনা
এ বছর ২২ এপ্রিল কাশ্মীর জনপ্রিয় পর্যটনকেন্দ্রে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হনÑ যাদের প্রত্যেককেই ধর্মীয় পরিচয় বিবেচনায় গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। সীমান্তে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এই উত্তেজনার জের ধরে ভারত সিন্ধু চুক্তি স্থগিত করে। এক দেশ আরেক দেশের আকাশসীমা বন্ধ করে। পরবর্তী সময় ৭ মে থেকে ভারত পাকিস্তানে বিমান হামলা করে। পাকিস্তান দাবি করে, এতে ৫টি ভারতীয় বিমান বিধ্বস্ত করেছে তারা। পরবর্তী সময় ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ডোনাল্ড ট্রাম্প দাবি করেনÑ এই যুদ্ধবিরতিতে তার জোড়ালো ভূমিকা রয়েছে। এ নিয়েও পরস্পরবিরোধী বক্তব্য বছরজুড়েই আলোচনার কেন্দ্রে ছিল।
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা
গাজা যুদ্ধ কেন্দ্র করে ইরান-ইসরায়েল উত্তেজনা চলছিল। এ বছর সেই উত্তেজনা সামরিক যুদ্ধে রূপ নেয়। এ বছর জুন মাসে ইসরায়েল তাদের ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করে। এতে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন। এরপর জবাবে ইরানও ইসরায়েলে হামলা চালায়। এ পরিস্থিতিতে ২২ জুন অপারেশন মিডনাইট হ্যামারের অংশ হিসেবে মার্কিন বি-২ বোমারু বিমান ও টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। বছর শেষে ট্রাম্প আবারও ইরানে হামলার হুমকি দিয়েছেন।
নেপালে জেন জি আন্দোলন
বিভিন্ন দাবি ও সোশ্যাল মিডিয়া ব্যান করার প্রতিবাদে নেপালে জেন জি আন্দোলন শুরু হয়। তৎকালীন সরকারের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় তারা। কে পি শর্মা ওলি পদত্যাগ করেন ৯ সেপ্টেম্বর। কয়েক সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। ২০২৬ সালের মার্চ মাসে দেশটিতে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি।
বিতর্কিত সীমান্ত নিয়ে এ বছরের মাঝামাঝি সময়ে সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়া। দুই দেশই সংঘাত শুরুর জন্য একে অপরকে দায়ী করে। পরবর্তী সময় যুদ্ধবিরতি কার্যকর হলেও বছরের শেষ দিকে আবারও দেশ দুটির সীমান্তে সংঘাত ছড়িয়ে পড়ে। এতে দুই দেশের কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া।
ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ
ক্যারিবীয় সাগরে মাদক পাচারের অভিযোগ করে একের পর এক নৌযানে হামলা করছে যুক্তরাষ্ট্র। এমনকি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের হুমকিও দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিষয়টিও বছরের শেষ দিকে আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচিত ছিল।
প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতবিক্ষত হয়েছে একাধিক দেশ। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। ১০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও পূর্ব এশিয়ার বিভিন্ন অংশে বন্যায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। চীনেও বন্যার প্রভাব পড়ে। আফ্রিকার ইথিওপিয়াতে ১২০০ বছর পর জেগে ওঠা আগ্নেয়গিরি নতুন করে আতঙ্ক ছড়ায়।
পাক-আফগান সম্পর্কে অবনতি
পাকিস্তান অভিযোগ করছে, তাদের দেশে নিষিদ্ধ হওয়া তালেবান গোষ্ঠীকে মদদ দিচ্ছে আফগানিস্তান। এমনকি কাবুলের সহায়তা নিয়ে পাকিস্তানে অপতৎপরতা চালাচ্ছে তালেবানরা। আফগানিস্তানের তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। তবে এমন অভিযোগের ভিত্তিতে কাবুলসহ আফগানিস্তানের কয়েকটি স্থানে বিমান হামলা চালায় আফগানিস্তান। এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হয়।