Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / ফরিদগঞ্জের যুবকদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয় - Chief TV

ফরিদগঞ্জের যুবকদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয় - Chief TV

2026-02-04   96 views
ফরিদগঞ্জের যুবকদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয় - Chief TV

ফরিদগঞ্জের যুবকদের হাতে বেকার ভাতা নয়, কাজ তুলে দেওয়া হবে—এমন মন্তব্য করেছেন দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি।

তিনি বলেন, “আমরা যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা দেব না, ইনশাআল্লাহ। প্রত্যেক তরুণ-তরুণী ও যুবক-যুবতীর হাতকে দক্ষ কারিগরের হাতে পরিণত করব। এরপর বলব—তোমার উপযুক্ত কাজ তুমি নাও, এগিয়ে যাও, নিজেকে উজাড় করে দেশকে দাও। আমরা তাদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয়।”

৪ ফেব্রুয়ারি (বুধবার) দিনব্যাপী ফরিদগঞ্জের ৪নং সুবিদপুর ইউনিয়ন ও পৌরসভার কয়েকটি ওয়ার্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “যুবকেরা ইতোমধ্যে জানিয়ে দিয়েছে—তারা ধান্দাবাজি ও ধাপ্পাবাজির রাজনীতির সঙ্গে নেই। তারা কোনো কার্ড বা বেকার ভাতার রাজনীতিও চায় না। তারা নতুন বাংলাদেশ দেখতে চায়। সেই বাংলাদেশ হবে ২০২৪–এর আকাঙ্ক্ষার বাংলাদেশ।”

বিল্লাল হোসেন মিয়াজি দাবি করেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে তরুণ সমাজ তাদের অবস্থান স্পষ্ট করেছে। তিনি বলেন, “তারা জানিয়ে দিয়েছে—ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে তারা নেই। যারা এখনই মানুষের ওপর নির্যাতন, চাঁদাবাজি ও লুণ্ঠন চালায়, তারা ক্ষমতায় গেলে কী করবে—তা জনগণ বুঝে গেছে।”

উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আপনারা দেখেছেন, এদের নেতারা হুংকার দিয়ে বলে—নেকাব, হিজাব খুলে ফেলতে। এ ধরনের আচরণ কি কোনো সভ্য মানুষের হতে পারে? আমরা এসবের প্রতিবাদ করি বলেই আমাদের পেছনে লেগে গেছে। তবে এসব নোংরামিতে পড়ে থাকার সময় আমাদের নেই। আমাদের সময় জনগণকে নিয়ে স্বপ্ন দেখা, বাস্তব কাজ করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের।”

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. ইউনুস হেলাল, উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন, ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা আবু তাহের তালুকদার এবং পৌরসভা সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন মাওলানা মুহিব উল্লাহ, মাওলানা ফারুখ আহমদ, ছাত্রশিবিরের সেক্রেটারি হাছিবুর রহমানসহ জামায়াত, শিবির ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


Share: