Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / ইরান চুক্তিতে কঠোর অবস্থানে ফ্রান্স, বড় ছাড় ছাড়া নিষেধাজ্ঞা - Chief TV

ইরান চুক্তিতে কঠোর অবস্থানে ফ্রান্স, বড় ছাড় ছাড়া নিষেধাজ্ঞা - Chief TV

2026-06-19  ডেস্ক রিপোর্ট  32 views
ইরান চুক্তিতে কঠোর অবস্থানে ফ্রান্স, বড় ছাড় ছাড়া নিষেধাজ্ঞা - Chief TV

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আসন্ন আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত হতে চায় ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো জানিয়েছেন, চূড়ান্ত চুক্তির শর্তে সন্তুষ্ট না হলে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে ফ্রান্স সম্মতি দেবে না।

শুক্রবার এক বক্তব্যে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আলোচনায় শুধু ইরানের পারমাণবিক কর্মসূচিই নয়, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের বিষয়ও অন্তর্ভুক্ত করতে হবে।

বারোর ভাষ্য অনুযায়ী, ইরানের পক্ষ থেকে উল্লেখযোগ্য ছাড় আদায়ের বিনিময়েই নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্ন বিবেচনা করা হবে। তিনি স্মরণ করিয়ে দেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ও ভেটোক্ষমতাসম্পন্ন সদস্য হিসেবে ফ্রান্সের সম্মতি ছাড়া এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার সম্ভব নয়।

তিনি আরও বলেন, ইরানের বর্তমান অবস্থানে মৌলিক পরিবর্তন আনাই ফ্রান্সের লক্ষ্য এবং এ সংকট সমাধানে নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার ভিত্তিতে হওয়া চূড়ান্ত চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

সাম্প্রতিক মাসগুলোতে আলোচনার প্রক্রিয়া থেকে কিছুটা দূরে থাকা ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি এবার পরবর্তী দফার আলোচনা এবং এর কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে।


Share: