Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / জটিল সমীকরণে জয় পরাজয় - Chief TV

জটিল সমীকরণে জয় পরাজয় - Chief TV

2026-01-28  ডেস্ক রিপোর্ট  145 views
জটিল সমীকরণে জয় পরাজয় - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত একাধিক রাজনৈতিক জোটের মধ্যে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। জোটভুক্ত দলগুলোকে যেসব আসন ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর কারণে মূল প্রার্থীরা পড়েছেন বড় চ্যালেঞ্জের মুখে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, অন্তত ১৭টি আসনে ধানের শীষের প্রার্থীরা বিএনপির বিদ্রোহী প্রার্থীর কারণে জয়ের দৌড়ে ঝুঁকিতে রয়েছেন।

ঢাকাসহ বিভিন্ন আসনে জটিল সমীকরণ

ঢাকা–১২ আসনে বিএনপি-জোট সমর্থিত প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে বহিষ্কার করা হলেও স্থানীয় পরিচিতির কারণে তিনি এগিয়ে আছেন বলে মনে করছেন অনেকে।

পটুয়াখালী–৩ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, যদিও আসনটি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ছেড়ে দেয় বিএনপি। এখানেও মামুন শক্ত অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।

ঝিনাইদহ–৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সদ্য বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এতে ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন পড়েছেন জটিলতায়।

রংপুর–৩ আসনে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিপাকে পড়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার কন্যা রিটা রহমান।

সুনামগঞ্জ–৪ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিপরীতে স্বতন্ত্র হিসেবে লড়ছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি দেওয়ান জয়েনুল জাকেরীন। সুনামগঞ্জ–৩ আসনে বিএনপির মোহাম্মদ কয়ছর আহমদের প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন।

চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লায় বিদ্রোহীদের দাপট

চট্টগ্রাম–৮ আসনে ১১ দলীয় জোট এনসিপির জোবাইরুল আরিফকে মনোনয়ন দিলেও জামায়াতের ডা. আবু নাসের মনোনয়ন প্রত্যাহার না করায় তৈরি হয়েছে ধোঁয়াশা।

চট্টগ্রাম–১৪ ও ১৬ আসনে বিএনপির প্রার্থীদের বিপরীতে একাধিক স্বতন্ত্র প্রার্থী মাঠে রয়েছেন।

বরিশাল–১ আসনে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন সদ্য বহিষ্কৃত ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

কুমিল্লার ২, ৭ ও ৯ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের কারণে দলের প্রার্থীরা পড়েছেন বড় চাপের মুখে।

ব্রাহ্মণবাড়িয়া, নাটোর ও মাদারীপুরেও একই চিত্র

ব্রাহ্মণবাড়িয়ার ছয় আসনের মধ্যে তিনটিতে বিদ্রোহী প্রার্থীদের দাপট লক্ষ করা যাচ্ছে। এতে ভোটারদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে।

নাটোর–১ ও নাটোর–৩ আসনে বিএনপির বহিষ্কৃত নেতারা দলীয় প্রার্থীদের বিরুদ্ধে লড়ছেন।

মাদারীপুরের তিন আসনের মধ্যে দুটিতে স্বতন্ত্র প্রার্থীর কারণে ধানের শীষের প্রার্থীরা বেকায়দায় পড়েছেন। বিশেষ করে মাদারীপুর–২ আসনে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য শক্ত অবস্থান নেওয়ায় জয়ের পথ কঠিন হয়ে উঠছে বিএনপির প্রার্থী জাহান্দার আলীর জন্য।

নির্বাচন ১২ ফেব্রুয়ারি

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও।


Share: