ভারতের অন্ধ্রপ্রদেশে ঘটেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। মধ্যরাতে চলন্ত একটি মোটরসাইকেলের ধাক্কায় জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে যাত্রীবাহী বাসে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে ছাই হয়ে যায় পুরো বাসটি। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ২১ জন।
স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাত সাড়ে তিনটার দিকে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার চিন্নাটেকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রতিবেদন অনুযায়ী, বাসটিতে মোট ৪১ জন যাত্রী ছিলেন। স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করেছে। নিহত ২০ জনের মধ্যে ১১ জনের মরদেহ শনাক্ত করা গেলেও, বাকি ৯ জনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ জানায়, বেসরকারি মালিকানাধীন বাসটি ৪৪ নম্বর জাতীয় মহাসড়ক ধরে দ্রুতগতিতে চলছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল বাসটির নিচে ঢুকে পড়ে এবং ফুয়েল ট্যাংকে ধাক্কা দিলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গেই বাসে আগুন ধরে যায়। বিস্ফোরণের পর শর্ট সার্কিটের কারণে বাসের দরজা আটকে যায়, ফলে অনেক যাত্রী ভেতরে আটকা পড়ে। কয়েক মিনিটের মধ্যেই আগুনে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায়।
দুর্ঘটনার সময় বাসের বেশির ভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর জানালা ভেঙে অনেকেই প্রাণ বাঁচাতে সক্ষম হলেও অন্তত অর্ধেক যাত্রী বাসের ভেতরে আটকা পড়ে প্রাণ হারান।
স্থানীয়রা যাত্রীদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন এবং খবর দেন ফায়ার সার্ভিসে। কিন্তু ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নেয়, ফলে বাসটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। পুলিশ জানিয়েছে, অনেকের মরদেহ এতটাই পুড়ে গেছে যে, শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। সকাল পর্যন্ত উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান চলছিল।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নায়ডু। বর্তমানে সরকারি সফরে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। দুর্ঘটনার খবর পেয়ে তিনি মুখ্যসচিবসহ শীর্ষ কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান তদারকির নির্দেশ দেন এবং আহতদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন—
“অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বাসে আগুন লেগে মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অন্ধ্রপ্রদেশ জুড়ে।