মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাহাদাত বরণের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার এক বিশেষ বিবৃতিতে এই শোক বার্তার পাশাপাশি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান রুশ প্রেসিডেন্ট।
রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, ভ্লাদিমির পুতিন এই ঘটনাকে একটি ‘নৃশংস হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেন, এই হামলা মানবিক নৈতিকতার সকল আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। খামেনির মৃত্যুতে শোক জানিয়ে পুতিন ইরানের সরকার ও জনগণের পাশে থাকার আশ্বাস দেন।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হত্যাকাণ্ডকে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে আখ্যায়িত করেছেন। রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট নেতাকে এভাবে হত্যা করা বিশ্বের সকল প্রান্তের মুসলিম, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের শামিল।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই ঘটনার ভয়াবহ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া ইসলামি প্রজাতন্ত্রের বৈধ অধিকার ও পবিত্র কর্তব্য। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীর এই বর্বরোচিত হামলার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরান সরকার এই হত্যাকাণ্ডের বিচার ও প্রতিশোধ নিশ্চিতে আন্তর্জাতিক পর্যায়ে শক্ত অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে।