খুলনার সোনাডাঙায় শাশুড়ি ও দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম হাওলাদারকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর কাশিপুর এলাকায় র্যাব-৮ ও র্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গত ২৯ মে রাতে সোনাডাঙ্গা থানাধীন তমিজদ্দিন সড়কের দারুল আমান মহল্লার একটি ভাড়া বাসায় শাশুড়ি বেবী বেগম এবং তার স্ত্রীর প্রথম পক্ষের দুই সন্তান শামীম বেপারী ও মুস্তাকিন বেপারীকে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করা হয়।
এই নৃশংস ঘটনার পর নিহত দুই শিশুর বাবা মাসুম বেপারী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ঘটনার দিন থেকেই আত্মগোপনে চলে যায় রফিক। র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ানোর পর অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।