বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলার কৃতি সন্তান মো. মাহবুব শিকদার।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নবগঠিত এই কেন্দ্রীয় কমিটিতে সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদায়) স্থান পেয়েছেন বানারীপাড়ার সন্তান ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব শিকদার।
জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম বানারীপাড়া উপজেলার কোনো সন্তান কেন্দ্রীয় কমিটিতে সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা)র দায়িত্ব লাভ করলেন। ফলে বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
মাহবুব শিকদারের এই অর্জনে বানারীপাড়াবাসী গর্বিত। তাঁর নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।