Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / শিক্ষা / কমনওয়েলথে বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মনোনীত হলেন ডা. নাফি

কমনওয়েলথে বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মনোনীত হলেন ডা. নাফি

2026-05-07  ডেস্ক রিপোর্ট  148 views
কমনওয়েলথে বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মনোনীত হলেন ডা. নাফি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন বগুড়ার গাবতলী উপজেলার কৃতি সন্তান ডাঃ এ. কে. এম আহসান হাবীব নাফি। তিনি কমনওয়েলথের “Office of the Asia Regional Representative”-এর অধীনে বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে মনোনীত হয়েছেন।

তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বগুড়া তথা বাংলাদেশের তরুণ সমাজের জন্যও এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে। চিকিৎসক, সংগঠক, লেখক, বিতার্কিক ও রাজনৈতিক কর্মী—বহুমাত্রিক পরিচয়ের অধিকারী ডাঃ নাফি দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে নেতৃত্ব, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে আসছেন।

তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্টের সঙ্গে সম্পৃক্ত থেকে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ছাত্রজীবনে স্কুল ও মেডিকেল পর্যায়ে বিতর্ক আন্দোলনের নেতৃত্ব দেন এবং বিতর্ক ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। একইসঙ্গে তিনি একজন কলাম লেখক হিসেবে জাতীয় বিভিন্ন ইস্যুতে নিয়মিত লেখালেখি করে আসছেন।

রাজনৈতিক অঙ্গনেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গণতন্ত্র, শিক্ষার্থীদের অধিকার ও ইতিবাচক রাজনৈতিক চর্চায় সোচ্চার ভূমিকা রাখেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই নেতৃত্বগুণ, দেশপ্রেম ও আন্তর্জাতিক পরিসরে কাজ করার স্বপ্ন তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়। সেই ধারাবাহিকতায় আজ আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেছেন তিনি।

নিজের প্রতিক্রিয়ায় ডাঃ নাফি বলেন,
“আলহামদুলিল্লাহ। এই দায়িত্ব আমার জন্য শুধু সম্মানের নয়, বরং বাংলাদেশের মর্যাদা বিশ্বদরবারে আরও উচ্চতায় তুলে ধরার একটি অঙ্গীকার। আমি বিশ্বাস করি, তরুণদের নেতৃত্ব, জ্ঞান ও ইতিবাচক চিন্তাই ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।”

তাঁর এই আন্তর্জাতিক অর্জনে বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহলে ব্যাপক প্রশংসা ও অভিনন্দনের জোয়ার বইছে।


Share: