Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / শিক্ষা / ফেসবুক কমেন্টের জেরে জুনিয়রকে হল ছাড়ার হুমকির অভিযোগ - Chief TV

ফেসবুক কমেন্টের জেরে জুনিয়রকে হল ছাড়ার হুমকির অভিযোগ - Chief TV

2026-06-20  ডেস্ক রিপোর্ট  14 views
ফেসবুক কমেন্টের জেরে জুনিয়রকে হল ছাড়ার হুমকির অভিযোগ - Chief TV

ফেসবুকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক জুনিয়র শিক্ষার্থীকে হল ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্যসচিব বাধন বিশ্বাস স্পর্শের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

ভুক্তভোগী সজীব হাসান বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, বিশ্বকাপ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা ফ্যান ইউনিটির একটি কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বাধন বিশ্বাস স্পর্শ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি ওই কমিটিকে ছাত্রলীগের পুনর্বাসন কমিটি বলে উল্লেখ করেন এবং কমিটির সভাপতি আসিফ হাসান লিখনকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

ওই পোস্টের মন্তব্যের ঘরে সজীব হাসান একটি মন্তব্য করলে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, এরপর বাধন বিশ্বাস স্পর্শ মুঠোফোনে সজীবের সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে কথোপকথনের সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত তাকে মন্তব্যের প্রমাণ দিতে বলেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা দিতে না পারলে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেন। একই সঙ্গে হল থেকে বের করে দেওয়ার ইঙ্গিতও দেওয়া হয়। কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও জানা গেছে।

সজীব হাসান বলেন, একজন শিক্ষার্থী হিসেবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে তাকে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত বাধন বিশ্বাস স্পর্শের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে প্রথমে মৌখিক এবং পরে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


Share: