Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আন্তর্জাতিক / কোরআনে হাত রেখে মেয়রের শপথ নিলেন মামদানি - Chief TV

কোরআনে হাত রেখে মেয়রের শপথ নিলেন মামদানি - Chief TV

2026-01-01  ডেস্ক রিপোর্ট  188 views
কোরআনে হাত রেখে মেয়রের শপথ নিলেন মামদানি - Chief TV

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি পবিত্র কোরআন শরিফ হাতে নিয়ে মেয়রের শপথ গ্রহণ করেছেন। গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শুক্রবার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন।

নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী সিটি হল মিলনায়তনে আয়োজিত এক সংক্ষিপ্ত ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে মামদানির শপথগ্রহণ সম্পন্ন হয়। নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় তার স্ত্রী রামা দুয়াজি তার পাশে উপস্থিত ছিলেন।

সংবাদমাধ্যমে প্রকাশিত শপথ অনুষ্ঠানের ছবিতে দেখা যায়, মঞ্চে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছেন জোহরান মামদানি। তার ডান পাশে স্ত্রী রামা দুয়াজি কোরআন শরিফ হাতে দাঁড়িয়ে আছেন, আর বাম পাশে শপথের লিখিত অনুলিপি হাতে রয়েছেন লেটিশিয়া জেমস। শপথ নেওয়ার সময় মামদানির ডান হাত পবিত্র কোরআন স্পর্শ করে ছিল।

এর আগে গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রধান শহর নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হন জোহরান মামদানি। এই জয়ের মাধ্যমে শহরটির ইতিহাসে দুটি নতুন মাইলফলক যুক্ত হয়। তিনি প্রথম মুসলিম প্রার্থী হিসেবে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন এবং একই সঙ্গে সবচেয়ে কম বয়সে মেয়র নির্বাচনের রেকর্ড গড়েন। বর্তমানে তার বয়স ৩৪ বছর।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট, মন্ত্রী কিংবা মেয়রসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথগ্রহণের সময় নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ধর্মগ্রন্থ হাতে নেওয়ার প্রচলিত রীতি রয়েছে। মামদানির আগে নিউইয়র্ক সিটির যেসব মেয়র দায়িত্ব পালন করেছেন, তারা সবাই ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী এবং শপথের সময় বাইবেল ব্যবহার করেছেন।

মুসলিম ধর্মাবলম্বী হওয়ায় জোহরান মামদানি সেই প্রচলিত রীতি অনুসরণ করে ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ পবিত্র কোরআন হাতে নিয়েই শপথ গ্রহণ করেন।


Share: