বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মালয়েশিয়ায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে কুয়ালালামপুরে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘী।
একই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্ট (বাইফা)-এর ফাউন্ডার ও সিইও শাহরিয়ার স্বপন।আগামী ১৭ জুলাই বিকেল ৫টায় কুয়ালালামপুরের হোটেল কনকর্ডে অনুষ্ঠিত হবে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে দিঘী কেক কাটার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি অতিথি, শুভানুধ্যায়ী এবং এনটিভি পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। একই আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবেন শাহরিয়ার স্বপনও।
আয়োজকদের তথ্যমতে, অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতি থাকবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এনটিভির ২৩ বছরের সফল পথচলাকে উদযাপন এবং প্রবাসে বাংলা সংস্কৃতি ও গণমাধ্যমের সঙ্গে বাংলাদেশিদের বন্ধন আরও সুদৃঢ় করতেই এই আয়োজন। কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদযাপিত হবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।
এনটিভি মালয়েশিয়ার স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান বলেন, এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন করা হয়েছে। জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘীর উপস্থিতি এই আনন্দ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে।