কুমিল্লার মেঘনা উপজেলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল্লাহ নামে ছয় বছর বয়সী এক শিশুর নির্মম মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হরিপুর এলাকায় রেখা প্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ হরিপুর গ্রামের মো. রবিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে রামপুর থেকে হরিপুরগামী একটি অটোরিকশা লোকমান মিয়ার দোকানের কাছে পৌঁছালে পাশেই বাড়ি থাকা শিশু আব্দুল্লাহ খেলাধুলার একপর্যায়ে হঠাৎ সড়কে চলে আসে। এ সময় দ্রুতগামী অটোরিকশাটি তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ রক্ষা হয়নি, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বড়কান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে অটোরিকশা চালক মো. নুরুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালক বর্তমানে পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।