জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত হঠকারী ও উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি ভোট চুরি ও অনিয়মের সুযোগ তৈরি করছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, “ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ মানে ভোটারদের নিজ নিজ মোবাইল ঘরে রেখে কেন্দ্রে যেতে বাধ্য করা। এতে মোজো সাংবাদিকতা বা সিটিজেন জার্নালিজমও কার্যত বাধাপ্রাপ্ত হচ্ছে।”
হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুলেছেন, “এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই। এটি কার্যত এমন পরিবেশ তৈরি করছে, যেখানে কোনো বিপদ ঘটলেও ভোটার কল করতে পারবে না। নিরাপত্তাহীনতার কারণে অনেকে ভোটকেন্দ্রে মোবাইল ছাড়া যাওয়া নিরাপদ মনে করবে না, ফলে ভোট দিতে বাধা পড়তে পারে।”
তিনি আরও বলেন, “সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক পরিস্থিতি কভার করতে পারবে না। মোবাইল ফোন ব্যবহার করে সাংবাদিকরা অনিয়ম, জালিয়াতি বা কেন্দ্র দখলের ঘটনা তাত্ক্ষণিকভাবে রেকর্ড করতে পারে। এটি বন্ধ করার মাধ্যমে ভোট চুরি বা অনিয়মের সুযোগ দেওয়া হচ্ছে। তাই এই নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করা উচিত।”